চাঁপাইনবাবগঞ্জে টোল আদায় বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ শ্লোগান ও জনদূর্ভোগের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্র দলের বিক্ষোভ কর্মসূচি আগামীকাল!
চাঁপাইনবাবগঞ্জে টোল বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ আগামীকাল
নিজস্ব প্রতিবেদক |
টাইমস বাংলা নিউজ বিডি

চাঁপাইনবাবগঞ্জে টোল বন্ধের দাবিতে চলমান আন্দোলনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান ও জনদুর্ভোগের অভিযোগের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
সংগঠনগুলোর যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক আন্দোলনের আড়ালে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে, যা তারা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী বলে দাবি করেছে।
এছাড়া আন্দোলনের কারণে গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করা হয়। জরুরি সেবার যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে সংগঠনগুলোর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
এর প্রতিবাদে আগামীকাল সকাল ১০টায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ শহরের বিএনপির পাঠানপাড়া কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।
মিছিল শেষে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।
নেতারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে ব্যক্তি আক্রমণ, কুরুচিপূর্ণ স্লোগান এবং জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে কর্মসূচি পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, টোল ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জে একাধিক কর্মসূচি পালিত হয়েছে, যার মধ্যে কয়েকটিতে দীর্ঘ যানজট ও সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ ওঠে।