বিসিবির পরিচালক হলেন যে ২৩ জন
নানা জল্পনা-কল্পনা ও তুলনামূলক নিরুত্তাপ পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন।
রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে প্রায় দুই ঘণ্টাব্যাপী ভোট গণনা অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দেখা গেছে, পরিচালকদের একটি বড় অংশই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মূলত ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-২ এর কিছু অংশে ভোট অনুষ্ঠিত হয়।
ক্যাটাগরি-১ এ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের মধ্যে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত এবং ঠাঁকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন। একইভাবে ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
তবে খুলনা ও বরিশাল বিভাগে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগে শফিকুল আলম ও শান্তনু ইসলাম সমান ভোট পেয়ে নির্বাচিত হন। বরিশাল বিভাগে ৭ ভোটের মধ্যে ৫টি পেয়ে পরিচালক হন মিজানুর রহমান।
ক্যাটাগরি-৩ থেকে একমাত্র প্রার্থী সিরাজউদ্দিন মো. আলমগীর মনোনয়ন বৈধ থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন।
অন্যদিকে ঢাকা ক্লাব ক্যাটাগরিতে ১৬ জন প্রার্থীর মধ্যে ১২ জন পরিচালক পদে নির্বাচিত হন। এই ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ভোট পেয়ে নির্বাচিত হন তামিম ইকবাল, যিনি সর্বোচ্চ ৭৩ ভোট পান।
এছাড়া সাইদ ইব্রাহিম আহমেদ ও ইশরাফিল খসরু ৭২ ভোট, মাসুদুজ্জামান ৭০ ভোট এবং ফয়সাল ইয়াসির ৬৮ ভোট পান। ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম পান ৬৬ ভোট করে। অন্যদিকে আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩, রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পান।
এই ক্যাটাগরিতে হেরে যাওয়া প্রার্থীদের মধ্যে সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২, ফায়াজুর রহমান মিতু ২৩ এবং মেজর ইমরোজ আহমেদ ২০ ভোট।
জানা গেছে, ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি, যার মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়।
নতুন গঠিত এই পরিচালনা পর্ষদে ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ২৩ জন নিয়ে মোট ৪৫ সদস্যের কাঠামো তৈরি হবে, যেখানে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি যুক্ত হয়ে পূর্ণাঙ্গ বোর্ড গঠিত হবে।
এরপর ২৫ সদস্যের এই বোর্ড নিজেদের মধ্যে ভোটের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচন করবে বলে জানা গেছে। রাতের মধ্যেই নতুন সভাপতি নির্ধারণ হতে পারে বলে আভাস পাওয়া গেছে।
উল্লেখ্য, ৮ মাসের ব্যবধানে ক্রিকেট বোর্ডের দ্বিতীয় নির্বাচন এটি। এর আগে, ২০২৫ সালের ৬ অক্টোবর দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটির নির্বাচন হয়েছিল। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইদিন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটিও গঠন করা হয়েছিল।