মেক্সিকোতে ইরান, আছে অসন্তোষও
যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতা নিয়ে ফিফার সমালোচনা করেছেন ইরানের ডিফেন্ডার এহসান হাজসাফি। রোববার মেক্সিকো পৌঁছানোর পর তিনি বলেন, এখনো দলের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভিসা পাননি, যা বিশ্বকাপ প্রস্তুতিকে জটিল করে তুলেছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে মেক্সিকোয় অবস্থান করছে ইরান জাতীয় ফুটবল দল। তবে চলমান ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে দলটির বিশ্বকাপ অংশগ্রহণ শুরু থেকেই অনিশ্চয়তায় ছিল।
ভিসা জটিলতার কারণে ইরান তাদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসন থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানায় নেয়।
মেক্সিকোয় পৌঁছে হাজসাফি বলেন, “সবার আগে আমরা খুশি যে দল অবশেষে এখানে পৌঁছাতে পেরেছে। আলহামদুলিল্লাহ, দলের অবস্থা ভালো।”
তবে একই সঙ্গে তিনি ফিফার প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন, “ব্যক্তিগতভাবে আমার ফিফার কাছে অভিযোগ আছে। এত সময় লাগল কেন? যতদূর বুঝেছি, শুধু খেলোয়াড় ও কোচিং স্টাফের কয়েকজন সদস্য ভিসা পেয়েছেন।”
এখনো যেসব কর্মকর্তা ভিসা পাননি, তাদের মধ্যে রয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের মহাসচিব হেদায়াত মোমবেনি এবং সহসভাপতি মেহদি মোহাম্মদ নবি।