কালের কন্ঠ অনলাইন পত্রিকার ফটো কার্ড ব্যবহার করে জামায়াতের বিরুদ্ধে ফেইসবুক জুড়ে অপপ্রচার!
গুজব ছড়াতে পুরোনো ছবি ও এআই প্রযুক্তির অপব্যবহার, বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ
অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ফটো কার্ড ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা ও তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, দাবিটি বিভ্রান্তিকর এবং ফটো কার্ডটি ভুয়া তথ্যের মাধ্যমে প্রচার করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ঋণনির্ভর উল্লেখ করে তার প্রতিবাদে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছিল। সেই কর্মসূচির একটি ছবিকেই ভিন্ন ক্যাপশন ও বিভ্রান্তিকর বার্তা দিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ছবিতে ব্যবহৃত ফটো কার্ডে কালের কণ্ঠের লোগো ও ডিজাইন ব্যবহার করা হলেও, সংশ্লিষ্ট দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
পর্যবেক্ষকদের মতে, আধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ছবি ও লেখা সংযোজনের মাধ্যমে এমন বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা বর্তমানে সহজ হয়ে উঠেছে। ফলে সাধারণ ব্যবহারকারীদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, কোনো ছবি বা ফটো কার্ড দেখেই তা সত্য বলে ধরে নেওয়া উচিত নয়। তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট শেয়ার করা গুজব ও বিভ্রান্তি ছড়াতে সহায়তা করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দায়িত্বশীল নাগরিক হিসেবে যেকোনো তথ্য প্রচারের আগে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্র থেকে তা যাচাই করা প্রয়োজন।
সচেতন মহল বলছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা বিভ্রান্তিকর প্রচারণা সমাজে ভুল বার্তা ছড়িয়ে দিতে পারে। তাই গুজব প্রতিরোধে সবাইকে তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
